সারাদেশ

গণভোটে ‘না’ ভোট মানে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যাওয়া: শারমিন এস মুরশিদ

  তাপস কুণ্ডু , ঝিনাইদহ ২১ জানুয়ারি ২০২৬ , ২:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে চব্বিশের গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যাওয়া। ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোটের বিষয়ে সরকারের নিরপেক্ষতার জায়গা নেই। হয় আমি গণঅভ্যুত্থানের পক্ষে, এই ছেলে-মেয়েদের পক্ষে, জুলাই শহিদদের পক্ষে, নয়তো আমি হাদির পক্ষে বা নতুন বাংলাদেশ চাই না—এমন অবস্থান। তিনি আরও বলেন, দেশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের উপকারভোগী ছিল। তারাই মূলত পরিবর্তন চায় না এবং গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, এই গণভোটের মাধ্যমে সাধারণ জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে সংস্কারের দ্বার উন্মুক্ত হবে। “আমরা গণঅভ্যুত্থানের সরকার। আমাদের অবস্থান স্পষ্ট—আমরা গণভোটের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই আছি। আমরা চাই মানুষ বুঝুক কেন গণভোট তাদের জন্য দরকার এবং বুঝে-শুনে তারা ‘হ্যাঁ’-এর কাছেই আসুক,” বলেন তিনি।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গণভোট ও নির্বাচনে জনমত গঠন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সুবীর কুমার দাশ, নির্মল কান্তি তালুকদারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও খবর

Sponsered content