নুরুজ্জামান শেখ ।। গাজীপুর ২ জুন ২০২৬ , ৫:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন বঙ্গবন্ধু বাজারসংলগ্ন সড়কের পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি ও আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হতে পারে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৫৫ বছর। পরনে ছিল জলপাই-সবুজ রঙের একটি টি-শার্ট এবং সাদা রঙের চেক ট্রাউজার।
পরিচয় শনাক্তে পুলিশ আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”
তিনি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে।




















