সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার: ২৮ এপ্রিল ২০২৬ , ১২:০৩:১৯ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের দুটি আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন রয়েছেন মোট ৯০ জন রোগী।

সোমবার (২৭ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ৩৬ জন ছেলে ও ৫৪ জন মেয়ে রয়েছে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের হাম আইসোলেশন কর্নার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১,০১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

এর আগে, গত ৪ এপ্রিল জেলার একটি পৌরসভা ও তিনটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করা হয়। পরদিন ৫ এপ্রিল থেকে সেখানে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ধাপে ১ লাখ ৭২ হাজার ৬৭৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন জানান, সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৪১৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, “সম্প্রতি হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসক ও নার্স সংকট থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থায় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি জেলাজুড়ে টিকাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।”

আরও খবর

Sponsered content