বিনোদন

জন্মদিনে সুখবর দিলেন প্রীতম

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৪:২৮:৪৯ প্রিন্ট সংস্করণ

কিছুদিন পরপর তার সুরে গোটা দেশ নেচে উঠে। তার গাওয়া-সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝেমধ্যে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। তিনি এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান। আজ (২৭ জানুয়ারি) তার জন্মদিন।

জন্মদিনে অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন এ গায়ক। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মেহজাবীন-প্রীতমকে।

এবার প্রীতম হাসান আর পুরোদস্তুর রোমান্টিক সেই ছেলেটি নন। ক্যাকটাস সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ম, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট।’

এর বেশি আর কিছু বলতে চাননি। শুধু জানালেন, গল্পটি খুবই ভালো লেগেছে তার এবং তা নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটির চরিত্রগুলোর আলাদা এক সত্তা তৈরি হবে।

অন্যদিকে, মেহজাবীনও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে-শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। হয়তো এ সিরিজে নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান পেয়েছেন, তাই তো চুক্তিবদ্ধ হয়েছেন! গত ২৪ জানুয়ারি রাজধানীর একটি অফিসে চরকির সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন মেহজাবীন, শিহাব শাহীন ও প্রীতম হাসান।

শিহাব শাহীন বলেন, ‘চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করবে।’

এদিকে, মেহজাবীন জানান তিনি তার সেরাটা দিয়ে চেষ্টা করবেন। বাকিটা সময় বলে দেবে। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তার পরিচালনায় অনেক কাজ করেছি। আমি তার কাজের ধরনটা জানি। তাই মনে হচ্ছে কাজটা আমি এনজয় করব।’

২৪ জানুয়ারি দুপুরে ক্যাকটাস’র চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, হেড অব কমার্শিয়াল অ্যান্ড কনটেন্ট অপারেশন মাসুদুল আমিন রিন্তু, হেড অব মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান, সাপ্লাই চেইন ম্যানেজার মো. শাহরিয়ার সাগর, লিড অব কনটেন্ট ক্রিয়েটিভ আল-আমিন হাসান নির্ঝর, ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন লিড আদর রহমান। সিরিজটি নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিহাব শাহীন প্রথম থেকেই “মরীচিকা”, “সিন্ডিকেট”, “অ্যালেন স্বপন”র মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমক দিয়ে আসছেন। ক্যাকটাসও এর ব্যতিক্রম হবে না, বরং এটি আরও অনেক বড় পরিসরের গল্প। এখানে নির্মাণের পরিকল্পনায় আমরা আমাদের সেরাটা ভেবেছি, একটা সিরিজকে যতভাবে বুদ্ধিদীপ্ত করা যায়, এই সময়ের বাস্তবতায় যতটা বড় করে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়, সেইভাবে আমরা কাজটা করতে যাচ্ছি।’

রেদওয়ান রনির কথার সঙ্গে একমত পোষণ করেন শিহাব শাহীন। বলেন, ‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা সীমাবদ্ধতা আছে। সেগুলোকে বিবেচনা করে ক্যাকটাসকে যতটা বড় করা যায় সেটা আমরা করেছি। চরকির ক্রিয়েটিভ টিমের সঙ্গে যখন আমরা গল্প নিয়ে এগিয়েছি, তখন থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কি-না! আশা করছি সেই ভিশনে আমরা এগোতে পারব।’

শিহাব শাহীন এও জানান, মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান- দুজনেই তাদের চরিত্র নিয়ে খুবই সিরিয়াস। তারা খুবই আগ্রহ নিয়ে রয়েছেন চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য।

এরইমধ্যে মেহজাবীন-প্রীতম রিহার্সেলেও অংশ নিয়েছেন বলে জানান প্রীতম। শিগগিরই পুরোদমে শুটিং শুরু হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

আরও খবর

Sponsered content