মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ
প্রতিবন্ধীদের কল্যাণ ও কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মাগুরার শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়।
বুধবার (৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ বিদ্যালয়টির প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি সুমন মজুমদার দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের উন্নয়ন, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমে কাজ করে আসছেন। এর আগেও তিনি জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
এই অর্জনকে শ্রীপুরবাসী গর্বের সঙ্গে গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো সুমন মজুমদার এবং তাঁর প্রতিষ্ঠানের এই জাতীয় সাফল্যের প্রশংসা করেছে।





















