এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ১১ নভেম্বর ২০২৫ , ৯:১৯:১৭ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার তার দায়িত্ব হস্তান্তর করেছেন। একই সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে মোছা. রনী খাতুন ঝিকরগাছার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা গেছে, ভুপালী সরকার ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ঝিকরগাছা ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রবিবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমানে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুপালী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জনতা ব্যাংকে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দিয়ে জয়পুরহাট, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ঝিকরগাছা ইউএনও হিসেবে যোগ দেন। দায়িত্বকালীন সময় তিনি সততা, মানবিকতা ও জনমুখী প্রশাসনের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন।
অন্যদিকে, নবাগত ইউএনও মোছা. রনী খাতুন ২০২৪ সালের ১৪ নভেম্বর সাতক্ষীরা জেলার শ্যামনগরে ইউএনও হিসেবে যোগ দিয়ে ২০২৫ সালের ২৮ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব শেষে ৯ নভেম্বর বিকেলে ঝিকরগাছায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।
তিনি পূর্বে রাজশাহী কালেক্টরেট, নাটোর সদর ও মেহেরপুরে প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার স্বামী মো. আজমল কবির বর্তমানে সাতক্ষীরার উপ-পরিচালক (পাসপোর্ট) হিসেবে কর্মরত। রনী খাতুন দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।
শ্যামনগরে দায়িত্বকালীন সময়ে তিনি সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। স্থানীয়রা জানান, তিনি সততা, সাহসিকতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করেন।
প্রশাসনিক মহলে বলা হচ্ছে, ইউএনও ভুপালী সরকার ও রনী খাতুন দুজনই সততা, কর্মনিষ্ঠা ও জনবান্ধব মনোভাবের কারণে সাধারণ মানুষের কাছে “ভালো কর্মকর্তা” হিসেবে পরিচিতি পেয়েছেন।




















