ঝিনাইদহ প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৬ , ২:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃতী সন্তান ও ইতালি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন।
বুধবার (৬ অক্টোবর) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশলবিনিময় করেন এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে আন্তরিক পরিবেশ বিরাজ করে।
জানা গেছে, ইতালি প্রবাসী রিন্টু মিয়া ঝিনাইদহ সদর উপজেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
এ কারণে স্থানীয়ভাবে রিন্টু মিয়া রেমিট্যান্সযোদ্ধা ও সমাজসেবী হিসেবে পরিচিতি পেয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট আব্দুল মজিদ রিন্টু মিয়ার নিয়মিত রেমিট্যান্স প্রেরণ ও দেশের অর্থনীতিতে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রিন্টু মিয়াসহ দেশের সব রেমিট্যান্সযোদ্ধার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।





















