তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২৫ ডিসেম্বর ২০২৫ , ৬:০৯:২৭ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।
শহরের মডার্ন মোড়ের ব্যাপটিস্ট চার্চে সকালে প্রার্থনার আয়োজন করা হয়। এতে রেভারেন্ড মাইকেল তাপস দাস যীশু খ্রিস্টের জীবন, ত্যাগ ও মানবকল্যাণমূলক আদর্শ তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগাভাগি করা হয়। পরে ভক্তদের অংশগ্রহণে বিশেষ ধর্মীয় গান পরিবেশন করা হয়।
অন্যদিকে কালীগঞ্জ উপজেলার ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃহস্পতিবার সকালে সেখানে প্রার্থনা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোর অঞ্চলের প্রধান পরিচালক পাস্টর ডেনিস সরকার যীশু খ্রিস্টের জীবনবৃত্তান্ত ও তার মানবপ্রেমের বাণী তুলে ধরেন। পরে ভক্তদের অংশগ্রহণে বিশেষ ধর্মীয় নৃত্য পরিবেশন করা হয়।
বড়দিন উপলক্ষে বক্তারা যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ঝিনাইদহ জেলার বিভিন্ন গির্জায় বড়দিন উদযাপন করা হচ্ছে।




















