তাপস কুণ্ডু, ঝিনাইদহ ৩০ নভেম্বর ২০২৫ , ৭:২৪:১৪ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ঝিনাইদহের একটি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যৌথ আয়োজন ছিল এই প্রার্থনাসভা।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ এবং বিশেষ পূজা-প্রার্থনা করেন। তারা দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। এতে শহরের ধর্মপ্রাণ নাগরিকরা একাত্ম হয়ে অংশগ্রহণ করেন।
প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক দিবস দেবনাথ ও প্রদীপ রায়, জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অংশগ্রহণকারীরা জানান, মানবিক মূল্যবোধ ও সহানুভূতির জায়গা থেকে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দল-মতের ঊর্ধ্বে উঠে একজন অসুস্থ নাগরিকের জন্য এমন প্রার্থনা সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্যের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে।




















