খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩ শর্তে ভারতের বিপক্ষে বয়কট তুলে নিতে রাজি পাকিস্তান

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০০:০৪ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে তিনটি দাবি উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে সম্ভাব্য পরিণতির বিষয়ে আইসিসির সতর্কতা সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

সূত্র জানায়, গতকাল রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি যে তিনটি দাবি তোলে, সেগুলো হলো-

১) বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ বৃদ্ধি।

২) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা।

৩) ভবিষ্যতের কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব প্রদান।

১. বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ বৃদ্ধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছ থেকে আর্থিক অংশীদারত্ব বাড়ানোর দাবি জানিয়েছে। তাদের যুক্তি, বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবদান বেড়েছে; তাই অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান বাড়াতে অতিরিক্ত অর্থায়ন জরুরি।

২. বিশ্বকাপ থেকে বাদ পড়লেও অংশগ্রহণ ফি:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়লেও ন্যূনতম অংশগ্রহণ ফি দেওয়ার দাবি জানানো হয়েছে। বোর্ডের বক্তব্য, টুর্নামেন্টের প্রস্তুতিতে দলগুলো বিপুল বিনিয়োগ করে, তাই পারফরম্যান্স যাই হোক না কেন, একটি মৌলিক আর্থিক নিরাপত্তা থাকা উচিত।

৩. ভবিষ্যৎ আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব:

বাংলাদেশ ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ চায়। বোর্ডের বিশ্বাস, দেশটির এখন পর্যাপ্ত অবকাঠামো ও দর্শকসমর্থন রয়েছে, যা দিয়ে বড় আন্তর্জাতিক আসর সফলভাবে আয়োজন করা সম্ভব। এতে দেশের ক্রিকেট অর্থনীতি ও বৈশ্বিক দৃশ্যমানতাও বাড়বে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি প্রধান মহসিন নাকভি

সূত্র আরও জানায়, পিসিবির ভেতরে কেউ কেউ ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে অনমনীয় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সোমবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আবারও বৈঠক করবেন।

উল্লেখ্য, গত মাসে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। যদিও আইসিসি জানিয়েছিল, দলের জন্য কোনো যাচাইযোগ্য হুমকি নেই। তবু নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর থেকেই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ায়। আইসিসির বৈঠকের পাশাপাশি মহসিন নাকভি ও পিসিবির অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও এই অচলাবস্থা নিয়ে আলোচনা করেন।

এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে আইসিসির ব্যাখ্যা তলব-ফোর্স মেজর ধারা দেখিয়ে কীভাবে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো যায়, বিশেষ করে যখন পিসিবি দায়িত্ব সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল।

মূল বিতর্কের শুরু হয়, যখন অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে জাতীয় দল পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরাপত্তা উদ্বেগের কথা তোলে।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ধাক্কা সামলে শনিবার কলম্বোতে তিন উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।

আরও খবর

Sponsered content