প্রতিনিধি ৩১ জুলাই ২০২৬ , ৮:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ
তরুণদের নেতৃত্ব বিকাশ ও আগামীর ব্যবসায়িক উদ্ভাবনকে উৎসাহিত করতে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) আয়োজন করেছে তাদের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসর। ‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ৬টি দলের প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘সোপ-আর-স্টারস’। বিজয়ী দলের সদস্যরা হলেন মির রামিসা রাইয়ান রোজ (ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসন), ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব (উভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ)। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটির শিক্ষার্থীদের দল ‘লকড আউট’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে আইবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বিইউপি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ‘ব্রেকিং গুড’।
গত ৩০ জুলাই আয়োজিত চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করেন, যা মূল্যায়নে বিচারক প্যানেলে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, সিবিডি হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপিকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে তরুণদের নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির জানান, চেনা গণ্ডি ভেঙে সাহসী ভাবনা বাস্তবায়নকারী তরুণদের এগিয়ে দিতেই এই উদ্যোগ। বাছাই প্রক্রিয়া, নিবিড় বুটক্যাম্প ও ওয়েবিনার শেষে উঠে আসা সফল প্রার্থীরা ইউনিলিভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ক্যারিয়ার গড়া, এন্ট্রি-লেভেল পদ এবং ইন্টার্নশিপের সুযোগ পাবেন।





















