দিনাজপুর প্রতিনিধি: ১৫ এপ্রিল ২০২৬ , ১২:১৫:০৭ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে নিহত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ কৃষি শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর পক্ষে তাঁর ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার নিহতদের বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া শিরন আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
জানা যায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চাল বোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন। স্বল্প ভাড়ায় ট্রাকে করেই তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
নিহতদের মধ্যে চারজনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন— সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। অন্য তিনজনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন— আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।
একই গ্রামের একাধিক ব্যক্তির মৃত্যুতে দুটি এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে পরিবারগুলো পড়েছে চরম অনিশ্চয়তায়।
এদিকে মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নিহত ও আহতদের পরিবারকে সরকারি বিভিন্ন সহায়তা ও আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।




















