প্রচ্ছদ » প্রচ্ছদ » নবীনগর সরকারী কলেজে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নবীনগর সরকারী কলেজে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৬:৩৪প্রিন্ট
সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) নবীনগর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক ড. সালাহউদ্দিন আকসার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মহসিন হাবিব, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মুর্শেদ আলম সুমন, দর্শনের প্রভাষক আরিফুল ইসলাম, নবীনগর থানার এস আই মো. আতিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তারুণ্য হচ্ছে আমাদের বিশাল একটা শক্তি। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণরাই সহযোগীতা করবে। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
কলেজে অনার্স, ডিগ্রি, ইন্টারমিডিয়েট, বিএনসিসি ও রোভার স্কাউটের ১৪ টি স্টলে দিনব্যাপী প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাটিসাপটা, মালপোয়া, ভাপা, দুধপুলি, শঙ্খ পিঠা, সেমাই পিঠা, ক্ষীরপুলি, পাপড়ি পিঠা, ঝিনুক, নারিকেল পিঠা, নকশী পিঠা, পাক্কন, রেশমী, ঝিল মিল পিঠা, ডিম সুন্দরী অন্যতম। পিঠা স্টল প্রদর্শনীতে ব্যবস্থাপনা বিভাগ প্রথম, ইসলামের ইতিহাস বিভাগ দ্বিতীয় ও হিসাববিজ্ঞান বিভাগ তৃতীয় স্থান অধিকার করে।
অনুষ্ঠানে বক্তব্য ও সাংস্কৃতিক পর্ব শেষে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।