সারাদেশ

নির্বাচিত হলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি পুনরায় চালু করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, পর্যটন ও প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ—এই তিন উপজেলাকে সমন্বিতভাবে একটি আধুনিক নগরীতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। অবহেলিত এই জনপদগুলোকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাফলং, বিছানাকান্দি ও ভোলাগঞ্জের মতো পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে এই অঞ্চলকে একটি পরিবেশবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। “আমি কেবল স্বপ্ন দেখি না, স্বপ্ন বাস্তবায়নের পথও জানি। প্রয়োজন শুধু জনগণের সহযোগিতা ও দোয়া,”—বলেন তিনি।

উত্তর সিলেটকে একটি আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তর করা সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, এই তিন উপজেলায় যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে এটি বিদেশের আধুনিক শহরগুলোর সঙ্গে পাল্লা দিতে পারবে। সীমান্তবর্তী এই অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর ও পর্যটন শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এখানকার অর্থনীতি সিলেট অঞ্চলের প্রাণকেন্দ্রে পরিণত হতে পারে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিশুদ্ধ পানির সংকট, কৃষি উন্নয়নসহ এলাকার সার্বিক সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার দেবেন।

থানা সদর মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির, সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদসহ বিএনপি, জমিয়ত ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দল, যুবদল, কৃষক দল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ হোসাইন।

আরও খবর

Sponsered content