সারাদেশ

নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

  জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি : ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:০৮:৪৩ প্রিন্ট সংস্করণ

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই তিনি নির্বাচনী গণসংযোগ ও স্লোগান দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার পর সিদ্দিকুল আলম প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে কিশোরগঞ্জ বাজারে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘লাঙ্গল, লাঙ্গল’ স্লোগান দিতে দেখা যায়। গণসংযোগটি কিশোরগঞ্জ বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। ওই বিধান লঙ্ঘনের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঞ্জিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আর জড়াবেন না বলে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রাথমিকভাবে তাকে সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে পুনরায় আচরণবিধি লঙ্ঘিত হলে নির্বাচনী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।

আরও খবর

Sponsered content