সংবাদদাতা, হবিগঞ্জ ৭ জুন ২০২৬ , ৪:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পৈল ইউনিয়নের নামা পৈল গ্রামে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গোপেশ চন্দ্র সূত্রধরকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার জের ধরে রবিবার সকালে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অর্জুন সূত্রধরের নেতৃত্বে প্রদীপ সূত্রধর, অরুণ সূত্রধর, অসিত সূত্রধর, শ্যাম সুন্দর সূত্রধর, কৃপা সুন্দর সূত্রধর (রাধা), রাজু সূত্রধরসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গোপেশ চন্দ্র সূত্রধর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় গোপেশ সূত্রধরের স্ত্রী প্রীতি রানী সূত্রধরের হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সংঘর্ষে নারীসহ প্রায় ১০ জন আহত হন।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন গোপেশ চন্দ্র সূত্রধর, রাখাল চন্দ্র সূত্রধর, পান্ডব সূত্রধর, গোপাল চন্দ্র সূত্রধর, শশান্ত চন্দ্র সূত্রধর ও রাখেশ চন্দ্র সূত্রধর। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য পাওয়া যায়নি।




















