বিনোদন

প্রবাসীদের সমস্যায় সহযোগিতার ঘোষণা মিস বাংলাদেশ মেঘনা আলমের

  নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৫ , ২:০৫:২৯ প্রিন্ট সংস্করণ

মডেল হিসেবে পরিচিত হলেও বহুমাত্রিক পরিচয়ের অধিকারী মেঘনা আলম এখন কাজ করছেন শ্রম, রাজনীতি ও আন্তর্জাতিক সামাজিক উন্নয়ন অঙ্গনে। তিনি একাধারে মিস বাংলাদেশ, রাজনৈতিক শিক্ষাবিদ এবং মিস আর্থ বাংলাদেশের বর্তমান ন্যাশনাল ডিরেক্টর। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিল্ডিং, কনস্ট্রাকশন, কৃষি ও কাঠশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নারী কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে।
সরকারি ও আন্তর্জাতিক ফোরামে শ্রমিক অধিকার নিয়ে বক্তৃতা ও সচেতনতা কার্যক্রমের জন্যও পরিচিত এই শ্রমিকনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানিয়েছেন, প্রবাসীদের নানা সমস্যা সমাধানে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।
নিজের পোস্টে মেঘনা আলম বলেন, “৪৮ ঘণ্টা আমার মেসেঞ্জার সবার জন্য খোলা। চাইলে আমাকে ইমেলও করতে পারেন: meghnaalam@gmail.com।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা নানা হেনস্তা ও সমস্যার কথা জানিয়ে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে তিনি এবার ফরমাল চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “যে কোনো দেশের প্রবাসী বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিস্তারিত লিখে আমাকে জানান। ৪৮ ঘণ্টার মধ্যে আমার টিম সবার সঙ্গে যোগাযোগ করবে। আমি বেঁচে থাকলে, যদি আপনার সমস্যা সত্যিকারের হয়, আপনি সমাধান পাবেন।”
মেঘনা আলমের এই উদ্যোগকে প্রবাসী সম্প্রদায় ইতিবাচক দৃষ্টিতে দেখছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত উদ্যোগে হলেও শ্রমিক অধিকারের এমন সহায়তা কার্যক্রম প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ভূমিকা রাখতে পারে।

আরও খবর

Sponsered content