সারাদেশ

কালকিনিতে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

  ইব্রাহিম সবুজ ।। স্টাফ রিপোর্টার, মাদারীপুর ।। ২৭ এপ্রিল ২০২৬ , ১:১৯:০৯ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক নারীর সাবেক স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রমজানপুর এলাকার সেকেন্দার পাইকের মেয়ে রেখার সঙ্গে ২০১২ সালে সাহেবরামপুর ইউনিয়নের আলাউদ্দিন শিকদারের ছেলে আনোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন রেখা। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও স্থায়ী সমাধান না হওয়ায় তিনি ডিভোর্সের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের ইতি টানেন।

রেখার অভিযোগ, ডিভোর্সের পরও আনোয়ার হোসেন তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন। সম্প্রতি তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে এসে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। তবে তাকে নিতে না পারলেও তার ছেলে ও মেয়েকে নিয়ে যান বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা বদিউজ্জামান বিপ্লব বলেন, “একজন নারীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা নিন্দনীয়। আমরা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন,“আমি আমার সংসার টিকিয়ে রাখতে চাই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমি শুধু আমার সন্তানদের নিতে গিয়েছিলাম, তারা স্বেচ্ছায় আমার সঙ্গে এসেছে।”

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান,“লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content