প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১২:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরও করেন।
গতকাল রোববার রাতে এই পডকাস্টটির প্রথম পর্বেই গুণী শিল্পী দম্পতি সেলিম-রোজি যেন গল্পের ঝাঁপি খুলে বসেন। তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয়জীবনের নানা স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো পর্বটি। সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ।
রোজী সিদ্দিকী বলেন, ‘প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলোতে দর্শক হিসেবেও দারুণ উপভোগ করব। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাদের যে কোন ভালো উদ্যোগের পাশে আছি।’
শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা যে পর্যটন ও অতিথিসেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, “ছুটির গল্প” তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছাদূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি সত্যিই আপ্লুত।’
পডকাস্ট শেষে আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান সেলিম-রোজীকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছাদূত হিসেবে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জানা যায়, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ছুটির গল্প’র প্রথম পর্ব। এরপর থেকে থেকে নিয়মিত নানা চমক নিয়ে হাজির হবে এ পডকাস্টটি। তুলে ধরবে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প।











