সারাদেশ

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চায় ফরিদগঞ্জে পিআইবির বিশেষ প্রশিক্ষণ

  মুহাম্মাদ আল আমীন সাইফ ২৬ জুলাই ২০২৬ , ৬:১০:১০ প্রিন্ট সংস্করণ

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ক্রমবর্ধমান চাহিদা পূরণে মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ফরিদগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’।
রবিবার (২৬ জুলাই) ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়। আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে এ আয়োজন। প্রথম দিনে ফরিদগঞ্জ প্রেসক্লাব ও হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নেন।
বর্তমান সময়ে সংবাদমাধ্যম দ্রুত ডিজিটাল ও মাল্টিমিডিয়ানির্ভর হয়ে উঠছে। এ বাস্তবতাকে সামনে রেখে প্রশিক্ষণে সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, মোবাইল জার্নালিজম (এমওজো), ভিডিও স্টোরি নির্মাণ, ছবি ও ভিডিও সম্পাদনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে সংবাদ প্রকাশের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, প্রযুক্তির বিকাশের সঙ্গে সাংবাদিকতার পরিধি ও কর্মপদ্ধতিতেও এসেছে ব্যাপক পরিবর্তন। ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জন এখন সময়ের অপরিহার্য দাবি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, নির্ভুল তথ্য উপস্থাপন এবং মানসম্মত সংবাদ পরিবেশন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রতিযোগিতায় টিকে থাকতে মাল্টিমিডিয়া দক্ষতার কোনো বিকল্প নেই। পিআইবির এ উদ্যোগ তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কার্যকর ও যুগোপযোগী সংবাদ পরিবেশনে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আগামী ২৮ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

আরও খবর

Sponsered content