জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৮:০৯:২০ প্রিন্ট সংস্করণ
ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে এবং ফেনী বইমেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন জেলার প্রখ্যাত আলেম মাওলানা মুফতী আহমদুল্লাহ কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ফেনী সাহিত্য ফোরামের সভাপতি ও বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিকান্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেএম বেলাল হোসাইন পাটোয়ারী ও মাওলানা আজিজুল্লাহ আহমদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ মাওলানা একরামুল হক ভুইঁয়া, খেলাফত মজলিস নোয়াখালীর সহপরিচালক মাওলানা মুহাম্মদ আলী মিল্লাত, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দীন, গণঅধিকার পরিষদ ফেনী জেলা সদস্যসচিব রেজাউল করিম সুজন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, ফেনী জেলা এনসিপির সংগঠক মুহাইমিন তাজিম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য ফোরামের সদস্যসচিব আবু বকর ছিদ্দিক, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, সদস্য ইয়াছিন, মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী, মাওলানা সোহেল, নাদের চৌধুরী, মাওলানা ইসমাঈলসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“দেশে নানা ধরনের মেলা হয়, কিন্তু বইমেলার গুরুত্ব ও উপকারিতা অন্য সবকিছুর ঊর্ধ্বে। এখনকার প্রজন্ম ডিজিটাল ডিভাইসের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়ায় বই থেকে দূরে সরে যাচ্ছে। তাদের বইমুখী করার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
ফোরামের সভাপতি কাজী সিকান্দার বলেন, “আজ বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। ফেনী সাহিত্য ফোরামের উদ্যোগে এই বইমেলার মাধ্যমে ফেনী অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিতে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। এটি শুধু একটি বইমেলার উদ্বোধন নয়—এটি বুদ্ধিবৃত্তিক ও মননশীল জাতি গঠনের পথে নতুন এক যাত্রার সূচনা।”
তিনি আরও বলেন, “যারা এ কাজে সময়, শ্রম, মেধা ও আর্থিক সহায়তা দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ফেনী সাহিত্য ফোরাম মননশীল বুদ্ধিভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। ‘ফেনী বইমেলা’ আয়োজনের মূল উদ্দেশ্য— তরুণসমাজকে বইয়ের প্রতি অনুপ্রাণিত করা, বই-পাঠের সংস্কৃতি গড়ে তোলা এবং লেখালেখি ও সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়া।”
সভায় বক্তারা বইমেলার এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “পাঠ সংস্কৃতি বিকাশ ছাড়া সুস্থ সমাজ ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। ফেনী সাহিত্য ফোরামের এই উদ্যোগ সাহিত্যের শেকড় মজবুত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।”




















