জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৯:৩৮ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলমান স্বৈরাচারী শাসনের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। ভোটাররা প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রার্থীরাও বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রচার ও গণসংযোগে।
ফেনী-৩ আসন ঘুরে দেখা গেছে, নির্বাচনী তৎপরতার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে জনমনে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা ও হামলার ঘটনায় লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় নেতাকর্মীরা। এমন বাস্তবতায় শান্ত, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত রাজনীতির দাবি আরও জোরালো হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাইফ উদ্দিন শিপন নিয়মিতভাবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। নিজ পিতৃভূমি দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার মানুষের অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
চট্টগ্রামের একজন পরিচিত ব্যবসায়ী সাইফ উদ্দিন শিপন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। বন্যাদুর্গতদের খাদ্য সহায়তা, পুনর্বাসন কার্যক্রম, করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মৃত ব্যক্তির দাফনে সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগে সহায়তা প্রদানে তাকে নিয়মিতভাবে সক্রিয় দেখা গেছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান,“সাইফ উদ্দিন শিপনের বড় শক্তি তার সহজ-সরল আচরণ ও মানুষের কথা শোনার মানসিকতা। তিনি ক্ষমতার রাজনীতির চেয়ে সেবার রাজনীতিতে বিশ্বাসী। বিপদের সময় আমরা তাকে পাশে পেয়েছি।”
নিজের অবস্থান স্পষ্ট করে সাইফ উদ্দিন শিপন বলেন,“আমি ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি। দাগনভূঞা ও সোনাগাজীর মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই এই পথচলা। ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গড়াই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ফেনী-৩ আসনের মানুষ যেন রাষ্ট্রীয়ভাবে অবহেলিত না থাকে, সেই দায়িত্ব নিয়ে কাজ করতে চান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচার ও গণসংযোগে সক্রিয় সাইফ উদ্দিন শিপন ধীরে ধীরে ফেনী-৩ আসনে সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে উঠছেন বলে মনে করছেন স্থানীয়রা।





















