সারাদেশ

বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১২:১২:৩১ প্রিন্ট সংস্করণ

বরিশালের গৌরনদীতে নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পাশেই বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বরিশালে প্রথম সরকারি সফরের অংশ হিসেবে আজ সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি।

 

গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু করেন আজকের বরিশাল সফরের কর্মসূচি। পরে তিনি বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফর শেষে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও খবর

Sponsered content