সাঈদ ইবনে হানিফ ২৮ এপ্রিল ২০২৬ , ৮:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান পুড়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু অল্প সময়েই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৫টি মুদি দোকান, ১টি বইয়ের দোকান ও ১টি মিষ্টির দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, যশোর-নড়াইল সড়কের পাশে সফি সুপার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
ক্ষতিগ্রস্ত জাকারিয়া লাইব্রেরির মালিক কামরুল ইসলাম বলেন, “আমার দোকানের সব বই ও স্টেশনারি পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব।”
বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সেকেন্দার আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় মোট ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।




















