সারাদেশ

বাড়ির পাশের বাঁশবাগানে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

  প্রতিনিধি ২১ মে ২০২৬ , ২:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছার কীর্তিপুরে বাঁশবাগান থেকে আবু হুরাইরা মিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে একটু দূরে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু হুরাইরা মিম (২৬) পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাতভর নিখোঁজ ছিলেন মিম। আজ বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও মিম আর সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। তার দাবি, মিমের সঙ্গে তার কয়েকজন বন্ধুর বিরোধ ছিল। আর এই বিরোধের জেরেই মিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম।

আরও খবর

Sponsered content