মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ৩১ আগস্ট ২০২৬ , ১:১৭:২৮ প্রিন্ট সংস্করণ
উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও সীমান্ত এলাকা পরিদর্শনে দেশের সর্বউত্তরের প্রান্তে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন দিনের বিশেষ সফরের দ্বিতীয় দিনে সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের ঐতিহ্যবাহী তেঁতুলিয়া ও বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকা সফর করেন।
সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর সহধর্মিনী ডিযান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন এবং দূতাবাসের একদল ঊর্ধ্বতন প্রতিনিধিকে নিয়ে বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌঁছান রাষ্ট্রদূত। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারা বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তীর্ণ চা-বাগান ও চারপাশের সবুজ পরিবেশ উপভোগ করেন। সফরের স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে জিরোপয়েন্টে দাঁড়িয়ে ছবিও তোলেন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী।
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের এই ধারাবাহিক সফরে পঞ্চগড় ও তেঁতুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করছেন রাষ্ট্রদূত। জিরোপয়েন্ট পরিদর্শন শেষে তাঁর পরবর্তী গন্তব্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল।





















