মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ৩ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৯:০১ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার একটি ঘটনাকে কেন্দ্র করে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াকে জড়িয়ে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অপপ্রচার এবং মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, কয়েক দিন আগে তেঁতুলিয়া উপজেলার টায়াগছ এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট আয়োজিত মানববন্ধনে একটি মহল মিথ্যা অভিযোগে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছড়ানো হয়।
তিনি বলেন, ঘটনার সময় তাঁর ছেলে অসুস্থ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা মুঠোফোনে তাঁকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে হাসপাতালে ভর্তি এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
সুলতানা রাজিয়ার দাবি, পরে শিশুটির বাবা থানায় গেলেও কোনো অভিযোগ না করে সেখান থেকে চলে যান। পরবর্তী সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে তিনি জানতে পারেন, বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এবং একটি আপসনামা থানায় জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২৯ আগস্ট একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়ায়। পরে আয়োজিত মানববন্ধনে তাঁকে জড়িয়ে নানা অভিযোগ ও অপবাদ দেওয়া হয়। এসব অভিযোগকে তিনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।
সুলতানা রাজিয়া বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের ও ভাতিজা সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।





















