সারাদেশ

বিশ্বকাপকে ঘিরে হিলিতে বাড়ছে পতাকার চাহিদা, সরগরম ফুটবলপ্রেমীরা

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১০ জুন ২০২৬ , ১০:১৬:৫০ প্রিন্ট সংস্করণ

আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো দিনাজপুরের হিলির ক্রীড়াপ্রেমীরাও এখন বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছেন। প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশে শুরু হয়েছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে হিলিতে বেড়েছে বিভিন্ন দেশের ফুটবল দলের পতাকার চাহিদা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।

বুধবার (১০ জুন) বিকেলে হিলি গোডাউন মোড়, চারমাথা মোড়, বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন দেশের পতাকা। ছোট, মাঝারি ও বড় আকারের এসব পতাকা ৫০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। অনেক বিক্রেতাকে বাঁশ ও লাঠিতে পতাকা টাঙিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিন ধরেই পতাকা বিক্রি শুরু হয়েছে। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে তরুণদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের পতাকাও বিক্রি হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে।

পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বিশ্বকাপ সামনে রেখে কয়েকদিন ধরেই পতাকা বিক্রি করছি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন। বিশ্বকাপ শুরু হলে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।”

হিলির কলেজশিক্ষার্থী আলী হাসান বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবারও বাড়ির ছাদে লাগানোর জন্য একটি বড় পতাকা কিনেছি।”

ব্রাজিল সমর্থক মোসলেস উদ্দিন বলেন, “বিশ্বকাপ মানেই অন্যরকম অনুভূতি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো পতাকা টাঙানো। তাই আগেভাগেই পতাকা কিনে রেখেছি।”

স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে হিলিতে প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে দেখা যায় প্রিয় দলের পতাকা টাঙানোর প্রতিযোগিতা। অনেকেই নিজ নিজ দলের সমর্থনে ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জার ব্যবস্থাও করেন।

ব্যবসায়ীদের প্রত্যাশা, বিশ্বকাপের উদ্বোধনের পর পতাকার বিক্রি আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। আর ফুটবলপ্রেমীদের বিশ্বাস, বিশ্বকাপের প্রতিটি ম্যাচকে ঘিরে হিলিজুড়ে বিরাজ করবে উৎসবের আমেজ, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

আরও খবর

Sponsered content