জাতীয়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেই দেশেও কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৮:২২:২২ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশেও দাম কমিয়ে দেওয়া হবে।আজ শনিবার বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বে এবং আমাদের পাশের দেশে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। জনগণের দুর্ভোগ যেন না হয়, সেজন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম এক মাস জ্বালানি তেলের দাম বাড়াননি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই সর্বনিম্ন পরিমাণ মূল্য সমন্বয় করতে হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার জুম মিটিং এবং ডিসেম্বরে ফিরে আসার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে অফিসিয়ালি ফেরত চেয়েছে সরকার।’

সরকারবিরোধী আন্দোলন ও লং মার্চের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের বয়স মাত্র সাত মাস। এরই মধ্যে যারা সরকার পতনের এক দফার ঘোষণা দিচ্ছেন, তাদের বিষয়েও জনগণকে ভাবতে হবে। বিএনপি ও আন্দোলনের সহযোগীরা বসে বসে এসব কর্মকাণ্ড দেখবে—এমনটি ভাবার কোনো সুযোগ নেই।’তিনি বলেন, ‘বিএনপি দেশের স্থিতিশীলতা রক্ষা করতে চায়, গণতন্ত্রকে সুসংহত করতে চায় এবং সাংবিধানিক পরিবর্তন আনতে চায়, যাতে ভবিষ্যতে দেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান না ঘটে।’

আরও খবর

Sponsered content