প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ২:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। নতুন করে ৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান।
মৃত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। তিনি গত সোমবার সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে কাজ করছে।
হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮২ পুরুষ, ৩৮ নারী ও ১০ শিশু। চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৭০৬ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।





















