মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬ , ১১:২৯:৫০ প্রিন্ট সংস্করণ
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোর ও সকালে পৃথক দুটি বিশেষ অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পণ্য জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর প্রায় ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। এসব পণ্য পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
একই দিনে সকাল প্রায় ৯টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাকে অভিযান চালিয়ে বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা উদ্ধার করা হয়।
উভয় অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।




















