নওগাঁ প্রতিনিধিঃ ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫১:৩২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু-কে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ গণমিছিলের আয়োজন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি জোতবাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণমিছিল চলাকালে নেতাকর্মীরা “ভোট দিব কিসে? ধানের শীষে”, “লাগারে লাগা, ধান লাগা”, “গণতন্ত্র মুক্তি পাক”, “নিরপেক্ষ নির্বাচন চাই”—সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় অংশগ্রহণকারীরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
গণমিছিলে উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন করা হবে।
তারা আরও বলেন, ডা. ইকরামুল বারী টিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। মান্দার সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে তিনি সংসদে শক্ত ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
গণমিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।














