প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১২:০৪:৩১ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে প্রায় পৌনে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সতিহাট আজিজার প্রফেসরের মার্কেট সংলগ্ন সরকার পাড়ায় যাওয়ার হেয়ারিংবন্ড রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মানিক সরকারের জ্যাঠাতো ভাই কনক কুমার সরকার আজ শনিবার বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত মানিক চন্দ্র সরকার (৪৯) গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সরকার পাড়ার বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। আহত অবস্থায় তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে ‘সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদ এজেন্ট হিসেবে মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে লেনদেন করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ সতিহাট আজিজার প্রফেসরের মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র পেছন দিক থেকে কয়েকজন ব্যক্তি লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে মারধর করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় পৌনে ৬ লাখ টাকা ,৩ টি এ্যন্ড্রুয়েট মোবাইল ফোন এবং ১ টি বাটন ফোন ছিল।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেল আরোহী ৩ যুবককে ধাওয়া করে পুলিশ। এসময় তারা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে একটি লাল কালারের এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল পুকুরের পানিতে ফেলে পালিয়ে যায় তারা। অপরদিকে,আহত মানিক সরকারের জ্যাঠাতো ভাই কনক কুমার সরকার আজ শনিবার বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন। ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া টাকা ও মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশ।’




















