নওগাঁ প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ১১:২৯:০৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিডি কার্যক্রমের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মান্দা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। তিনি বলেন, “ভিজিডি কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক বাসিরা খানম ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল জানান, ভিজিডি কার্যক্রমের মাধ্যমে অনেক হতদরিদ্র পরিবারের খাদ্যাভাব কমানো সম্ভব হচ্ছে।
অন্যদিকে, উপজেলা পর্যায়ে “মা ও শিশু সহায়তা কর্মসূচি”র অংশ হিসেবে ভাতাভোগী মায়েদের প্রশিক্ষণ এবং বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। এছাড়া লালপুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে পারফরমেন্স বেজড গ্র্যান্টস প্রকল্পের অনুদানের চেক প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এসব উদ্যোগ নারীশিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।




















