প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৪:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। মাঠে ফিল্ডিং করতে থাকা লিটন দাস ও তাসকিন আহমেদসহ বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশে করতালি দিয়ে সাহস ও সমর্থন জানাতে দেখা গেছে তাকে।
নিরাপত্তার কথা মাথায় রেখে জাইমা রহমানকে ঘিরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। এবার তিনি প্রেসিডেন্ট বক্সের পরিবর্তে প্রেস বক্সের বিপরীত দিকে অবস্থিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে সাবলীলভাবে খেলা দেখছেন। এর উদ্দেশ্য— আগের মতো অতিরিক্ত ভিড় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো।
উল্লেখ্য, গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন জাইমা রহমান। সেবার প্রেসিডেন্ট বক্সে তার উপস্থিতি ঘিরে স্টেডিয়ামজুড়ে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয় এবং ভিড় সামলাতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হয়।
এদিকে মাঠের লড়াইয়ে টস ভাগ্য এবার স্বাগতিক বাংলাদেশের পক্ষে আসেনি। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার হেনরি নিকোলস। পরে ২৪৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।











