হামিদুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ১০:৩০:৪৯ প্রিন্ট সংস্করণ
বিশ্ব মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দুঃস্থ ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার আয়োজনে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক–শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
পরবর্তী সময়ে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম. এ. মুহিত। সভায় সভাপতিত্ব করেন রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম। বক্তারা বলেন, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র (UDHR) মানবিক মর্যাদা রক্ষার মূল দলিল; বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণে শিক্ষা, জনসচেতনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের বিশেষ পর্বে কয়েকজন দুঃস্থ ও মেধাবী ছাত্রীর হাতে শীতবস্ত্র (কম্বল) ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থী ও সমাজ–উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সারা বছর ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।





















