প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ২:০০:৪০ প্রিন্ট সংস্করণ
সাকিব আল হাসানের কাছ থেকেই যেন সবচেয়ে প্রত্যাশিত অভিনন্দনটি পেলেন তাইজুল ইসলাম। সাকিবের রেকর্ড ভেঙে তাইজুল দেশের সর্বোচ্চ উইকেট পাওয়া টেস্ট বোলার হয়েছেন! রেকর্ডে পিছিয়ে পড়লেও সাকিব আগের মতোই অনুপ্রেরণা জোগাচ্ছেন দেশসেরা এই বাঁহাতি স্পিনারকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে সাকিবের চেয়ে ৯ উইকেটে পিছিয়ে ছিলেন তাইজুল। সিলেট টেস্টে দুটি ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে তিনি এগিয়ে আসেন রেকর্ডের কাছাকাছি। মিরপুরে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন সাকিবকে। আর দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেট শিকার করেই পৌঁছে যান শীর্ষে-বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম।
শনিবার রাতে সামাজিক মাধ্যমে তাইজুলকে উষ্ণ শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। তিনি লিখেন, `অভিনন্দন তাইজুল। ক্যারিয়ারের শেষ নাগাদ তোমাকে ৪০০ উইকেট পেতে দেখছি আমি। শুভ কামনা।‘
পরে মিরপুর টেস্টের পঞ্চম দিনে আরও একটি উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মালিক হোন তাইজুল। বয়স এখন ৩৩, সামনে আরও বেশ কিছু টেস্ট অপেক্ষা করছে। সাকিবের প্রত্যাশা পূরণ করার সামর্থ্যও যে তার আছে-তা বারবারই প্রমাণ করেছেন তিনি।
যদিও ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই আলোচনার আড়ালে থেকেও নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে নিজের দায়িত্ব পালন করে গেছেন তাইজুল। নিজের সঙ্গে লড়াই করে, দলের জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন তিনি-আর সেই নিরলস পরিশ্রমেরই পুরস্কার মিলছে এখন রেকর্ডের পর রেকর্ড ছুঁয়ে।















