জাতীয়

রেজিস্ট্রেশন বিভাগে জন হয়রানি-দুর্নীতিতে জিরো টলারেন্স : আইনমন্ত্রী

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ২:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

রেজিস্ট্রেশন বিভাগে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, এ বিভাগে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বা জন-হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবো না। কারণ রেজিস্ট্রেশন বিভাগের সুনামের সঙ্গে আমার সুনামও জড়িত।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছরের বাজেটে কর আদায়ের অন্যতম ভূমিকা রয়েছে। এটি দ্বিতীয় বৃহত্তম একক সেক্টর। সেই তুলনায় রেজিস্ট্রেশন বিভাগ সবচেয়ে অবহেলিত। তাই এ অবস্থার উত্তরণ প্রয়োজন। এজন্য যা যা করণীয়, তা করা হবে। রেজিস্ট্রেশন বিভাগের যৌক্তিক দাবিগুলো যথাযথ জায়গায় পৌঁছাতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা রাখতে হবে। নিজেদের সীমাবদ্ধতা, ঘাটতি ও অযোগ্যতা দূর করে কীভাবে বিভাগটিকে গণমুখী করা যায়, সেই দায়িত্বও নিতে হবে। জনগণ ভোগান্তির শিকার হলে তা হবে বিভাগের জন্য একটি কলঙ্কিত অধ্যায়।

এ বিভাগকে হয়রানিমুক্ত করার প্রত্যয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, জনগণ যেন রেজিস্ট্রেশন বিভাগের সেবার ওপর আস্থা রাখতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। এজন্য প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা ও অনুপ্রেরণার ব্যবস্থা করা হবে। সিনিয়র সাব-রেজিস্ট্রারদের চাহিদাও বিবেচনা করা হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে জন-হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবো না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সাব-রেজিস্ট্রারদের বদলিতে লটারি পদ্ধতি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, এরই মধ্যে লটারির মাধ্যমে বদলি শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ পদ্ধতি আরও সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে রেজিস্ট্রেশন বিভাগের ওপর মানুষের আস্থা ফিরবে বলে আমরা আশা করছি।

উপজেলা পর্যায়ে সাব-রেজিস্ট্রারদের সঙ্গে সিভিল প্রশাসনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সমস্যা নিজেদের যোগ্যতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে করণীয় দেখা হবে। সিভিল প্রশাসনের সমন্বয়ের দায়িত্ব জেলা প্রশাসকের। অন্য বিভাগের নিজস্ব প্রশাসনিক কাঠামো থাকলেও জেলা প্রশাসকের সামগ্রিক তদারকির দায়িত্ব রয়েছে। কোনো সাব-রেজিস্ট্রার বেআইনি কাজ করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও প্রতিবেদন পাঠানোর বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

আইনমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন বিভাগটিকে এগিয়ে নিতে যা প্রয়োজন, তা করা হবে। ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সাব-রেজিস্ট্রার বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীন নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আইনি কাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশন বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে রাজনৈতিক মতাদর্শের প্রভাব না রাখার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, কারও সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। তিনি যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, তা অন্য কোনো কর্মকর্তার পছন্দ নাও হতে পারে। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবার দায়িত্ব হলো প্রজাতন্ত্র ও আইনের প্রতি অবিচল আস্থা রেখে দায়িত্ব পালন করা।কোনো সাব-রেজিস্ট্রার সরকারি দায়িত্বে থেকে নিজের এলাকায় রাজনৈতিক দর্শন প্রচারের জন্য নিয়মিত চাঁদা দিলে সরকার তা বসে বসে দেখবে না। রাজনৈতিক দর্শন থাকলে ভোটের সময় ব্যালটের মাধ্যমে এর প্রতিফলন ঘটানো যাবে। তবে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আরও খবর

Sponsered content