মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ২২ মে ২০২৬ , ১১:৪৮:৪২ প্রিন্ট সংস্করণ
সারাদেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী তেতুল তলায় সামাজিক সংগঠন ‘শিশুসর্গ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাংবাদিক ও সংগঠক মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সকলের পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।
বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা বর্তমানে চরম হুমকির মুখে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুসর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক রতন আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন।
এ সময় সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নিয়ে শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও বিচার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।




















