প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ , ৭:০০:১৭ প্রিন্ট সংস্করণ
নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫৫ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজও ঘরে তুলল টাইগাররা।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় বেলা ১১টায় মুখোমুখি হয় তারা। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম।
প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান করে নিউজিল্যান্ড।
শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ভালো করতে পারেনি। দলীয় ৯ রানের মধ্যে দুই ওপেনার সাইফ হাসান (০) ও তানজিদ হাসান (১) ফিরে যান। উইল ও’রোর্কে তাদের মাঠ ছাড়া করান। দারুণ বল করা এই পেসার পরে নিজের তৃতীয় শিকার বানান সৌম্য সরকারকে। ১৮ রান করা সৌম্য ১৮ রানে বোল্ড হন।
তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন শান্ত ও লিটন দাস। তারা ১৭৮ বলে ১৬০ রানের পার্টনারশিপ গড়েন। অবশেষে এই জুটি ভেঙে পাঁচ ওভারের ব্যবধানে দুজনকেই ফেরান জায়ডেন লিনক্স। অসাধারণ ব্যাট করা লিটন ৯১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৭৬ করে বোল্ড হন। কিন্তু ১১৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ঠিকই তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত তার ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল।
এছাড়া তাওহীদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২২ রান করেন।
কিউই বোলারদের মধ্যে ও’রোর্কে সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন বেন লিস্টার ও লিনক্স।
২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে চতুর্থ ওভারে প্রথম আঘাত করে ইনজুরি থেকে ফিরে আসা মোস্তাফিজুর রহমান। হেনরি নিকোলসকে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান তিনি। এরপর আঘাত হানেন আগের ম্যাচের নায়ক নাহিদ রানা। তিনি ১৯ রান করা উইল ইয়ংকে সেই লিটনের ক্যাচেই ফেরান।
এরপর নাহিদ-মোস্তাফিজদের তোপে একপ্রকার নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করা আরেক ওপেনার নিক কেলিকে মোস্তাফিজই আউট করেন। আর উইল ও’রোর্কেকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট দখল করেন।
মাঝে মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামরাও উইকেট নেওয়ার উৎসবে যোগ দেন।
তবে অন্যদের ব্যর্থতার ভিড়ে শক্ত অবস্থান দেখান ডিন ফক্সক্রফ্ট। একটা সময় দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। তবে শেষ পর্যন্ত মিরাজের দ্বিতীয় শিকার হলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফক্সক্রফ্ট ৭২ বলে ৭টি চারে দলীয় সর্বোচ্চ ৭৫ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট পান মোস্তাফিজ। আর দুটি করে উইকেট দখল করেন নাহিদ ও মিরাজ।














