মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৯:২০ প্রিন্ট সংস্করণ
বর্ডার গার্ড বাংলাদেশ (২৯ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম, অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা হতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল মোশরফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














