খেলাধুলা

সতীর্থদের রক্ষা করতে মিথ্যা বলেছিলেন ব্রুক

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ২:০০:৩২ প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক স্বীকার করেছেন যে অধিনায়ক হিসেবে মাঠের বাইরের দায়িত্ব সম্পর্কে তার ‘আরও অনেক কিছু শেখার আছে’। গত অক্টোবরে ওয়েলিংটনে এক রাতের আড্ডার সময় নাইটক্লাবের এক বাউন্সারের হাতে ঘুষি খাওয়ার ঘটনায় তিনি একা ছিলেন না-এই বিষয়টি স্বীকার করার পর এমন মন্তব্য করেন ব্রুক।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর দেওয়া এক বিবৃতিতে ব্রুক সফরের শুরুতে করা প্রকাশ্য ক্ষমা প্রার্থনার পুনরাবৃত্তি করেন। একই সঙ্গে তিনি জানান, ওই ঘটনার সময় তিনি একা ছিলেন-এমন দাবি করে তিনি মিথ্যা বলেছিলেন, যাতে তার সতীর্থরা এই ঘটনায় জড়িয়ে না পড়েন।

ব্রুক বলেন, ‘ওয়েলিংটনের ঘটনায় আমার কাজের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি এবং স্বীকার করছি যে সেদিন রাতে অন্যরাও সেখানে উপস্থিত ছিল। আমার আগের মন্তব্যের জন্য আমি অনুতপ্ত। আমার উদ্দেশ্য ছিল আমার নিজের সিদ্ধান্ত থেকে সৃষ্ট পরিস্থিতিতে সতীর্থদের জড়িয়ে পড়া থেকে রক্ষা করা।’

টেলিগ্রাফের এক প্রতিবেদনের পর ব্রুকের এই মন্তব্য আসে, যেখানে বলা হয় ওই ঘটনার পর ব্রুক, জ্যাকব বেথেল ও জশ টাং তিনজনকেই ক্রিকেট রেগুলেটরের তদন্তের আওতায় আনা হয়েছিল। ঘটনাটি ঘটে গত অক্টোবরে, নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডের আগের রাতে।

এই তথ্য ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টের আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই ঘটনার পর ‘কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ’ নেওয়া হয়নি। বাস্তবে যদিও ব্রুককে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয় এবং মাঠের বাইরের আচরণ নিয়ে তাকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। এমনকি সাদা বলের অধিনায়কের পদ হারানোর ঝুঁকিতেও পড়েছিলেন তিনি।

গত সপ্তাহে কলম্বোতে কথা বলতে গিয়ে ব্রুক বলেছিলেন, তাকে আবার ‘খেলোয়াড়দের আস্থা ফিরে পেতে হবে’। তবে তখনও তিনি দাবি করেছিলেন যে ঘটনার রাতে তিনি একাই ছিলেন।

তিনি তখন বলেন, ‘আগে আমরা কয়েকজন মিলে এক-দু’পেগ পানীয় খেয়েছিলাম, এরপর আমি নিজেই আরও কিছুক্ষণ বাইরে থাকার সিদ্ধান্ত নিই এবং তখন আমি একাই ছিলাম। একটি ক্লাবে ঢোকার চেষ্টা করছিলাম, তখন বাউন্সার হঠাৎ আমাকে ঘুষি মারে। শুরু থেকেই ওই পরিস্থিতিতে আমার থাকা উচিত ছিল না… আমি পুরোপুরি মাতাল ছিলাম না, তবে এক গ্লাস বেশি খেয়ে ফেলেছিলাম।’

তবে এবার তিনি স্বীকার করেছেন, ঘটনার বিবরণে কিছু বিষয় বাদ পড়েছিল।

ব্রুক বলেন, ‘আমি ক্ষমা চেয়েছি এবং এই বিষয়টি নিয়ে ভাবতে থাকব। এটি আমার ক্যারিয়ারের একটি কঠিন সময় ছিল, তবে এখান থেকে আমি শিখছি।’

তিনি আরও যোগ করেন, ‘নেতৃত্ব ও অধিনায়কত্বের সঙ্গে যুক্ত মাঠের বাইরের দায়িত্ব নিয়ে আমার আরও শেখার আছে-এটা আমি বুঝতে পারছি। ব্যক্তিগত ও পেশাদার-দুই দিক থেকেই নিজেকে আরও উন্নত করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও খবর

Sponsered content