সিলেট প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৫ , ৬:১৭:২০ প্রিন্ট সংস্করণ
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন ‘সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় আংশিক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করেছে।
নবগঠিত কমিটিতে দৈনিক মতপ্রকাশ ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান নাঈমকে সভাপতি এবং কওমি কণ্ঠের ক্যাম্পাস প্রতিনিধি ইনজামামুল হক খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২০২২-২৩ সেশনের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সভাপতি মাহমুদুল হাসান নাঈম বলেন, “সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকতা চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমাদের এই সূচনা। আমরা চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ইতিবাচক দিক তুলে ধরুক, সমাজ সচেতনতা গড়ে তুলুক এবং তথ্যভিত্তিক লেখালেখির মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশ করুক। সাংবাদিক সমিতি হবে সেই সুযোগের প্ল্যাটফর্ম।”
একই সেশনের ইলেকট্রনিকস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক খান বলেন, “দেশের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে ছাত্রজীবনে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ক্যাম্পাস সাংবাদিকতার একটি দৃঢ় ভিত্তি তৈরি করা। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক নেতৃত্ব বিকাশেও আমরা সমান গুরুত্ব দেব।”
সূত্র জানায়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। এই সময়ে সদস্য সংগ্রহ, সংবিধান প্রণয়ন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে।
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, তথ্যনির্ভর লেখালেখি ও মুক্তচিন্তার বিকাশে উৎসাহিত করতে ইতিমধ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি গঠিত হয়েছে। নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তরুণ সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস সাংবাদিকতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে—এমনটাই প্রত্যাশা সকলের।




















