প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১২:০৪:৫৭ প্রিন্ট সংস্করণ
পূর্ব সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে শিকার-নিষিদ্ধ বিপন্ন প্রজাতির ৯টি শাপলাপাতা মাছসহ (স্টিং রে) বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙ্গা-নীলবাড়ীয়া খাল থেকে তাদের আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এবং শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিমের সহায়তায় বনরক্ষীরা নদীতে যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে তারা অভিযান চালান। ট্রলারে তল্লাশি চালিয়ে শিকার-নিষিদ্ধ বড় আকারের ৯টি শাপলাপাতা মাছ, প্রায় দুই মণ অন্যান্য প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি ও জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন— পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল (৩০), মো. জাফর হাওলাদার (২৮), মো. দুলাল (৩৫), মো. বশির (২৮), মো. আসাদ (২৫) ও মো. ইব্রাহিম (৩৮)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আইন অমান্য করে ওই জেলেরা খালে মাছ ধরছিলেন এবং তারা বড়শি দিয়ে বিপন্ন প্রজাতির শাপলাপাতা মাছও শিকার করেন।
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।





















