সারাদেশ

সৈয়দপুরে বাউল শিল্পী আবুল সরকারের বিচার দাবিতে মানববন্ধন

  জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ৬:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ


আল্লাহ সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সচেতন মুসলিম জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা, সাব্বির আহমেদ, মাওলানা সাজিদ, আব্দুল আজিমসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় অভিযুক্ত শিল্পীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা দাবি জানান— চলমান তদন্তের দ্রুত সমাপ্তি এবং আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ বলেন, ধর্মীয় অনুভূতিবিরোধী বক্তব্য দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে পারে। তাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।

হাফেজ নুরুল হুদা বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মানুষের দেশ। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, প্রয়োজন হলে তারা বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করবেন।

আরও খবর

Sponsered content