সারাদেশ

স্ত্রীর অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে শিক্ষকের প্রতিবাদ

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষক।

রোববার সকালে শ্রীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করেন মো. সোহেল রানা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ইতোমধ্যে ফেসবুক ও সংবাদপত্রে আমার নামে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব ভুল তথ্য ও অভিযোগ আমার স্ত্রীর কাছ থেকে আসছে। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। সে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, এমনকি মারধরও করেছে। আমি শিক্ষকতা করি। লজ্জায় বিষয়গুলো কাউকে বলতে পারিনি। কারণ আমি সংসার করতে চেয়েছি।’

সোহেল রানা দাবি করেন, তাঁর স্ত্রী প্রায় ৮-১০ মাস আগে তাঁর বাড়ি থেকে চলে যান। এরপর বিভিন্নভাবে তাঁকে ব্ল্যাকমেইল করা এবং ছাড়াছাড়ির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। এ বিষয়ে সালিশি বৈঠক হলেও তাঁর স্ত্রী সালিশ মানেননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমার সম্মানহানি করার জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে বলে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।’

সম্প্রতি তাঁর এক সাবেক ছাত্রীকে নিয়েও তাঁর বিরুদ্ধে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীর বাড়িতে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে বলে জানান সোহেল রানা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে ওই মেয়েটির একটি গাইড ছিল, সেখানে তার নাম লেখা ছিল। এ কারণে আমার স্ত্রী সন্দেহ করে ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করেন এবং সেখানে অনেক মানুষ জড়ো করেন। তাঁর দেওয়া তথ্য ভুল ও মিথ্যায় ভরা। ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আপনারা যাচাই করে দেখতে পারেন।’

সংবাদ সম্মেলনে সোহেল রানা আরও অভিযোগ করেন, একটি ‘কুচক্রী মহল’ তাঁর বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।

তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও খবর

Sponsered content