প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ২:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের টেকসই বিকাশ, আন্তর্জাতিক মানের প্যাকেজিং সমাধান এবং বাজারে নকল পণ্যের বিস্তার রোধে কার্যকর নীতিসহায়তার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি কনফারেন্স’-এ এসব বিষয় তুলে ধরা হয়। এইচপিসি ও রিমস যৌথভাবে এই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও রিমার্ক সুপার প্যাকের প্রধান জয়ন্ত সরকার বলেন, “কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের আন্তর্জাতিক মানের প্যাকেজিং সমাধান এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। নিজস্ব আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় আমদানিনির্ভরতা কমিয়ে বিশ্বমানের প্যাকেজিং সরবরাহ করছে রিমার্ক সুপার প্যাক।” প্যাকেজিং শিল্পের সুরক্ষায় কাঁচামাল আমদানিতে করের চাপ পর্যালোচনা ও নীতিসহায়তার তাগিদ দেন তিনি।
রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস কসমেটিকস খাতের আগামী পাঁচ বছরের একটি সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণের আহ্বান জানান এবং মানহীন ও নকল কসমেটিকস রোধে বাজার তদারকির ওপর জোর দেন। এ ছাড়া রিমেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ত্বাহা উৎপাদন ও সাপ্লাই চেইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিমসের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহাসহ কাঁচামাল ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে ছিল রিমার্ক এইচবি লিমিটেড, আইএফএফ, কেভা, রিমেক্স ও সানআন লিমিটেড।





















