প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১২:৫২:১৪ প্রিন্ট সংস্করণ
রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। রাশিয়ার কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’ এবং ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’ আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৯১টি দেশের প্রতিনিধিদের মধ্যে থেকে প্রতিযোগিতাপূর্ণ বাছাই প্রক্রিয়ায় ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’ ক্যাটেগরিতে ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে নির্বাচিত হন তিনি।
পূর্ণ অর্থায়ন পাওয়ার ফলে তার যাতায়াত, আবাসন ও রুশ ভিসা ফি সহ যাবতীয় সকল খরচ আয়োজক কর্তৃপক্ষই বহন করবে। বিশ্বের মোট ১০ হাজার যুব প্রতিনিধির সাথে বাংলাদেশের যে ৯০ জন প্রতিনিধি অংশ নেবেন, মুক্তা তাদের মধ্যে অন্যতম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকের পর দেশের ট্রাভেল স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’ ও বহুজাতিক প্রতিষ্ঠান ‘উইংস ট্রাভেলস’-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি লিথুয়ানিয়ার ‘লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি’তে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্সে অধ্যয়ন করছেন।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও গৃহিণী রাজিয়া সুলতানা দম্পতির সন্তান মুক্তা এমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে অত্যন্ত আনন্দিত। বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্কিং তৈরি করা এবং ভবিষ্যতে দেশে ফিরে স্টার্টআপ শুরু করার জন্য আন্তর্জাতিক মেন্টরশিপ ও বিনিয়োগকারী খোঁজার লক্ষ্য প্রকাশ করেছেন তিনি।





















