প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০০:০০ প্রিন্ট সংস্করণ
স্বাধীনতার ৫৪ বছর পর এক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ-বলে মন্তব্য করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর বয়রায় কেএমপি পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কেএমপি কমিশনার বলেন, অতীতে বিতর্কিত নির্বাচন নিয়ে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল, আসন্ন নির্বাচন সেটি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। কোনো রকম চাপ, হুমকি বা রক্তচক্ষুর কাছে নতিস্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে মাঠে থেকে সরাসরি সহায়তার আশ্বাসও দেন।
তিনি আরও বলেন, ‘খুলনা মহানগররের প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে যে সহযোগিতার মনোভাব রয়েছে তা কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য একটি উৎসবমুখর, নিরাপদ ভোটদানের পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’
মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর এক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দেশের প্রায় ১৮ কোটি মানুষের দৃষ্টি একসঙ্গে এখন ভোটের দিকে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রেলস্টেশন ও মহাসড়কে যে বিপুল জনস্রোত দেখা যাচ্ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কতটা আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘ঈদের সময় যেমন মানুষ ঘরে ফেরে, ঠিক তেমনি এবারের নির্বাচনের আগে লাখ লাখ মানুষ নিজ নিজ বাড়ি ফিরছে ভোট দেওয়ার জন্য। এটি মানুষের আস্থার প্রতিফলন যে, নির্বিঘ্নভাবে ভোট দিতে পারবে। জনগণের এই আস্থা ধরে রাখাই আমাদের প্রধান দায়িত্ব। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সক্রিয়ভাবে মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।’
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




















