রাশেদ, স্টাফ রিপোর্টার (বগুড়া): ৪ নভেম্বর ২০২৫ , ৭:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ
বগুড়া, ৪ নভেম্বর — বগুড়ার গাবতলী উপজেলায় নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে একটি গোপন ককটেল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। অলেদা বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী নাসিমার বাড়ি থেকে দুই দফায় মোট ৪৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
প্রথম দফায়, গত রবিবার ওই বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনার পর পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে, একই বাড়িতে পুনরায় তল্লাশি চালিয়ে আরও ৩৯টি ককটেল উদ্ধার করে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট, যেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, একই বাড়ি থেকে পর্যায়ক্রমে ককটেল উদ্ধার হওয়ায় এটি ককটেল তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হতো।
গাবতলী থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম জানান, ২ নভেম্বরের বিস্ফোরণে যারা আহত হয়েছেন, তাদের পুলিশি পাহারায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে জবানবন্দি নিলে ককটেলগুলোর উদ্দেশ্য বোঝা সম্ভব হবে। তিনি এও বলেন, “এখনই বলা সম্ভব না যে এটি ককটেল তৈরির কারখানা। আতঙ্কে অনেকেই নানা কথা বলছেন, আমরা কারো বক্তব্যে কান দিচ্ছি না। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
উল্লেখ্য, দুই দফায় মোট ৪৫টি ককটেল উদ্ধার হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। গোপন কারখানার প্রমাণ এখনও নিশ্চিত না হলেও সন্দেহজনক পরিস্থিতি যথেষ্ট, তাই স্থানীয়রা সরকারি সংস্থার দ্রুত পদক্ষেপ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।




















